বোদাগঞ্জ মন্দিরে দানবাক্স চুরি, তদন্তে পুলিশ; নতুন কমিটি গঠনের উদ্যোগ বিধায়ক দীনেশ সরকারের
বোদাগঞ্জ: রাজগঞ্জের বোদাগঞ্জ মন্দিরে দানবাক্স চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার।
বিধায়ক জানান, পূর্বে গঠিত দুটি কমিটির সদস্যদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে দুটি কমিটিকে একত্রিত করে একটি নতুন কমিটি গঠন করা হবে। তিনি বলেন, মন্দিরের দানবাক্স চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
মন্দিরের নাইট গার্ড বিট্টু রায়, দীপক রায় ও প্রদীপ রায় জানান, দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে ঘরের রেলিং টপকে ভিতরে প্রবেশ করে দানবাক্সটি চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।
মন্দিরে অবস্থানকারী লাল সাধু বাবার দেখাশোনার দায়িত্বে থাকা প্রদীপ রায় জানান, প্রতি বছর বাৎসরিক পুজোর সময় দানবাক্স খোলা হয়। গত বছর দানবাক্স থেকে মোট ১ লক্ষ ৬৭ হাজার ২২২ টাকা সংগ্রহ হয়েছিল। চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ দোষীদের খোঁজে তদন্ত চালাচ্ছে।