Delhi Student Protest: ছাত্র আন্দোলনের জেরে রাত ৮টাতেই বন্ধ মদের দোকান, প্রভাবিত মেট্রো ও ইন্টারনেট পরিষেবা



ডিজিটাল ডেস্ক: ছাত্র আন্দোলনের জেরে দিল্লিতে আপাতত রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে সমস্ত মদের দোকান। আগে যেখানে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা থাকত, সেখানে সপ্তাহের শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দু'ঘণ্টা আগেই ঝাঁপ ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রাতের দিকে মদ কিনতে গিয়ে ফিরে যেতে হচ্ছে বহু ক্রেতাকে।

সরকারি সূত্রের খবর, যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পুলিশের পরামর্শ মেনেই আপাতত উইকএন্ড পর্যন্ত রাত ৮টায় সব মদের দোকান বন্ধ থাকবে। বৃহস্পতিবারও আচমকা বহু দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর পরিবহণ ব্যবস্থাতেও। শুক্রবারও সেন্ট্রাল দিল্লির ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট আগের দিন কিছু স্টেশন খোলার নির্দেশ দিয়েছিল, পরে পরিস্থিতি বিবেচনা করে নিউ দিল্লি মেট্রো স্টেশনও বন্ধ করে দেয় ডিএমআরসি।

শুধু পরিবহণই নয়, সেন্ট্রাল দিল্লির একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবাও নিয়ন্ত্রিত রাখা হয়েছে। এর জেরে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা, ফুড ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহারেও সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ।