ধূপগুড়িতে ফের গোখরোর আতঙ্ক, সুপারির খোলান থেকে উদ্ধার ২ বিষধর সাপ ও ৬৫টি ডিম

ধূপগুড়ি: বৃষ্টি ও তীব্র গরমের আবহে ধূপগুড়িতে ক্রমশ বাড়ছে সাপের উপদ্রব। একের পর এক সাপ ও সাপের বাচ্চা উদ্ধারের ঘটনার মধ্যেই ফের চাঞ্চল্য ছড়াল শহরে। এবার ধূপগুড়ির একটি সুপারি প্রক্রিয়াকরণ কারখানা থেকে উদ্ধার হল দুটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ এবং ৬৫টি ডিম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার সুপারি মজুত রাখার খোলানে কাজ করার সময় কর্মীদের নজরে আসে সাপ দুটি। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা দুটি বড় গোখরো সাপকে নিরাপদে উদ্ধার করেন। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬৫টি সাপের ডিমও।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বর্ষাকাল শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে ঝোপঝাড়, গোডাউন ও মজুতঘরে সাপের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, সম্প্রতি ধূপগুড়ি শহরের ঘোষপাড়া এলাকার একটি বাড়ি থেকে একটি বড় গোখরো সাপ এবং ২৬টি সাপের বাচ্চা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপুল সংখ্যক ডিম-সহ গোখরো সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়ি জুড়ে।