ডিজিটাল ডেস্ক: রাতভর তল্লাশি চলেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নগদ টাকার স্তূপ। বীরভূম জেলার মহম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি অভিযানে বুধবার রাত পর্যন্ত উদ্ধার হয়েছে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। তল্লাশি এখনও অব্যাহত থাকায় উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু হয়। বুধবার সকালেই সেখানে পৌঁছে যায় অন্তত পাঁচটি টাকা গোনার মেশিন, বড় আকারের পাঁচটি ট্রাঙ্ক এবং একটি প্রিন্টার। দীর্ঘ সময় ধরে উদ্ধার হওয়া নগদ টাকা গোনার কাজ চলে।
প্রথমে বুধবার দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা উদ্ধারের খবর মিললেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই অঙ্ক দ্রুত বেড়ে দাঁড়ায় ২৮ কোটি ৫০ লক্ষে।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেজ জানান, এখনও পর্যন্ত ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, একটি সিন্ডিকেটের মাধ্যমে বেআইনিভাবে এই বিপুল অর্থ সংগ্রহ করা হতো। সেই সিন্ডিকেটের মূল মাথায় রয়েছেন টুলু মণ্ডল এবং ভাগ অনুযায়ী ওই টাকা মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।
গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তদন্তকারীরা মনে করছেন, তল্লাশি শেষ হলে উদ্ধার হওয়া নগদ অর্থ ও অন্যান্য সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে।
এই বিপুল নগদ উদ্ধারের ঘটনা অনেকের কাছেই ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে। তবে বর্তমান অভিযানের তদন্ত এখনও চলছে এবং গোটা ঘটনার আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা।