ডুয়ার্সের ভগৎপুর চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, পরপর উদ্ধারে আতঙ্ক

নাগরাকাটা: ডুয়ার্সের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে ফের খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। অল্প কিছু দিনের ব্যবধানে একই বাগান থেকে পরপর দু’টি চিতাবাঘ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে চা বাগান জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভগৎপুর চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানায়। সেই অনুযায়ী প্রায় এক সপ্তাহ আগে বনদপ্তর ভগৎপুর চা বাগানের ১৪ নম্বর সেকশনে ছাগলকে টোপ হিসেবে রেখে একটি খাঁচা বসায়।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা খাঁচার ভিতর থেকে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার মধ্যে বন্দি অবস্থায় ছোটাছুটি করছে। এরপরই বনদপ্তরে খবর দেওয়া হয়।
খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে চিতাবাঘটিকে উপযুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ২৯ তারিখেও একই চা বাগান এলাকা থেকে একটি চিতাবাঘ উদ্ধার হয়েছিল। অল্প সময়ের মধ্যে পরপর দু’টি চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। চা বাগানে এখনও আরও চিতাবাঘ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিকরা।