সংবাদদাতা, রাজগঞ্জ: হাতবদলের আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার। শুক্রবার গভীর রাতে রাজগঞ্জের ভোরের আলো থানার পুলিশ এই সাফল্য পায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মোটাগাছ এলাকায় রাজ্য সড়কের ধারে নজরদারি চালাচ্ছিল পুলিশ। গভীর রাতে একটি স্কুটি নিয়ে এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর আরও এক ব্যক্তি সেখানে পৌঁছন। অভিযোগ, স্কুটিতে থাকা ব্যক্তি একটি প্যাকেট তাঁর হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেই পুলিশ হাতেনাতে দু'জনকে পাকড়াও করে।
তল্লাশি চালিয়ে ওই প্যাকেট থেকে প্রায় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দু'জনকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মালদা থেকে ব্রাউন সুগার এনে রাজগঞ্জ এলাকায় বিক্রির উদ্দেশ্যে এই লেনদেন করা হচ্ছিল। ধৃতদের মধ্যে একজন মালদা জেলার বাসিন্দা হাসমত শেখ এবং অপরজন রাজগঞ্জের সন্ন্যাসীকাটা এলাকার বাসিন্দা লিয়াকত আলি।
পুলিশ জানিয়েছে, শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।