পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুলাই উদয়পুর এলাকার বাসিন্দা রকিবুল ইসলাম অভিযোগ করেন যে, ২৯ জুন সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
তদন্তের সূত্র ধরে খোরপাড়িয়ার বাসিন্দা নাইমুল হক (৩১)-কে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশি জেরায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইলগুলির অধিকাংশই চুরি যাওয়া। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।