17-Year-Old Girl Dies of Electric Shock from Faulty Table Fan in Kaliyaganj's Baghan Battali Area

কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘন বটতলী এলাকার মেচাডাঙ্গিতে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম কোয়েল ঘোষ (১৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে থাকা একটি টেবিল ফ্যানে আগে থেকেই বিদ্যুৎ সংযোগজনিত ত্রুটি ছিল। মঙ্গলবার বাড়ির কাজে ব্যস্ত থাকা অবস্থায় কোয়েলের হাত অসাবধানতাবশত ফ্যানের গায়ে লেগে যায়। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর টেবিল ফ্যানটিও তাঁর শরীরের উপর পড়ে যায় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।