পুকুরে ডুবে মৃত্যু ১১ বছরের কিশোরীর, শোকের ছায়া শিকারপুরে


রাজগঞ্জ: পুকুরে ডুবে মৃত্যু হল ১১ বছরের এক কিশোরীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজগঞ্জের শিকারপুর এলাকার নর্থ বেঙ্গল ফার্মে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম সংকিতা মুন্ডা (১১)। সে সন্তু মুন্ডার মেয়ে। রবিবার দুপুরে বাড়ির কাছেই একটি পুকুরের পাড়ে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। অভিযোগ, খেলতে খেলতেই পুকুরের জলে পা ডুবিয়ে বসে থাকার সময় আচমকাই পা পিছলে জলে পড়ে যায় সংকিতা।
বন্ধুরা চিৎকার শুরু করলে পাশের জমিতে ধান রোপণের কাজে ব্যস্ত থাকা তার বাবা-মা ছুটে আসেন। এরপর পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কিশোরীকে উদ্ধার করে দ্রুত বড়বাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ঘটনাস্থলেও গিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। ঘটনার পিছনে কোনওরকম অসৎ উদ্দেশ্য বা অন্য কোনও রহস্যের প্রমাণ মেলেনি।
পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।