রাজগঞ্জ:প্রতিদিনের মতোই সকালে কাজে বেরিয়েছিলেন দুই বন্ধু। কিন্তু কর্মস্থলে পৌঁছানো তো দূরের কথা, বাড়িতেও আর ফেরা হল না তাঁদের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরতাজা তরুণ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে ফুলবাড়ী এলাকায় কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। ফুলবাড়ী মহানন্দা ব্যারেজের মুখে জাতীয় সড়কের উপর একটি অজ্ঞাত বড় গাড়ি তাঁদের স্কুটিতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ। সংঘর্ষের জেরে রাস্তায় ছিটকে পড়েন দুজনেই। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরে জানা যায়, মৃত দুই যুবকের বাড়ি ফাঁসিদেওয়া মহকুমার লিউসিপাকুড়ি সংলগ্ন কাশীরাম এলাকায়। মৃতদের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। তাঁদের বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছরের মধ্যে। স্থানীয় একটি চানাচুর কারখানায় কর্মরত ছিলেন তাঁরা। প্রতিদিনের মতো এদিনও কাজে বেরিয়েছিলেন, কিন্তু ফিরলেন নিথর দেহ হয়ে।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। দুই তরুণের অকাল মৃত্যুর খবরে কাশীরাম গ্রামে কান্নার রোল পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।