স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার চার বন্ধু একসঙ্গে ওই এলাকায় ঘুরতে গিয়েছিল। স্নান করতে নামার পর হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় দুইজন। বাকি দুই বন্ধুর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশ ও বনদপ্তরকে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বনদপ্তর এবং স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুই কিশোরের দেহ উদ্ধার করা হয়।
মৃতদের নাম কৃষ্ণ মণ্ডল ও দীপ বিশ্বাস (উভয়ের বয়স আনুমানিক ১৪ বছর)। তারা ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার বাসিন্দা। দুজনেই সপ্তম শ্রেণির ছাত্র। একজন শিলিগুড়ির রেলওয়ে হাই স্কুলের এবং অপরজন বাল্মিকী হাই স্কুলের ছাত্র বলে জানা গিয়েছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা তপন রায় ও লক্ষণ রায় জানান, স্কুলে সময়মতো পৌঁছতে না পারায় ওই ছাত্রদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তারা পারমুন্ডা এলাকায় ঘুরতে এসে স্নান করতে নেমে এই দুর্ঘটনার শিকার হয়।
তাঁদের দাবি, এই এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। সোমবারও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যদিও ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান। প্রায় দু'মাস আগে একই এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছিল। এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে প্রচুর মানুষ এবং নাবালকরা এখানে স্নান করতে আসে। অনেকেই সাঁতার না জানায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে দ্রুত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।