সাপের ছোবলে আক্রান্ত গৃহবধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে চাঞ্চল্য রাজগঞ্জে




 রাজগঞ্জ: রান্নাঘরে কাজ করার সময় বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকে। মৃতার নাম সবিতা পাল (৫৪)। তিনি মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হুদুগছ গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রান্নাঘরে কাজ করার সময় সবিতা পালকে একটি বিষাক্ত সাপ ছোবল দেয়। এরপর দ্রুত তাঁকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে জানান যে রোগীর শরীরে বিষক্রিয়ার তেমন কোনও লক্ষণ নেই। তবে পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেওয়া হয়।

অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই সবিতা পালের মৃত্যু হয়। এরপরই চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হলে এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসক কৌতুক বাগচী। তিনি জানান, রোগীকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। ঘটনার বিস্তারিত রিপোর্টও জমা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে