রাজগঞ্জ থানার অভিযানে উদ্ধার চোরাই বাইক ও স্কুটি, গ্রেপ্তার দুই


রাজগঞ্জ: চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুন গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চোরাই মোটরসাইকেল ও একটি স্কুটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম এনজামুল এমডি (২৪)। তিনি রাজগঞ্জ থানার ভূটকিরহাটের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। অপর ধৃত সাহাজান বাদশা (২৬), এনজেপি থানার জাতিয়াকালি এলাকার বাসিন্দা।

রাজগঞ্জ থানার এসআই সুব্রত সরকারের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল (নম্বর: WB 74N 0693) এবং একটি নম্বরবিহীন হোন্ডা অ্যাক্টিভা স্কুটি উদ্ধার করা হয়।

পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে যে উদ্ধার হওয়া যানবাহন দুটি শিলিগুড়ি এলাকা থেকে তাদের ও তাদের সহযোগীদের দ্বারা চুরি করা হয়েছিল। ঘটনার পর রাজগঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় ২১২/২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে।

ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কার্যকলাপ রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।