পাচারের আগেই পুলিশের জালে ৩৬ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ


সুস্মিতা রায় , ময়নাগুড়ি : পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। শনিবার সকালে ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১৬ হাজারেরও বেশি বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটপাট্টির লাল স্কুল সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যান সন্দেহজনকভাবে দ্রুতগতিতে চলাচল করছিল। গাড়িটি প্রায় দুর্ঘটনা ঘটিয়ে ফেলায় স্থানীয়দের নজরে আসে। পরিস্থিতি আঁচ করে চালক ও তার সহযোগীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

গোপন সূত্রে খবর পেয়ে ভোটপাট্টি ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে দেখা যায়, জলের বোতলের আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।

পুলিশের দাবি, পিকআপ ভ্যানটি ময়নাগুড়ি থেকে ভোটপাট্টি হয়ে মেখলিগঞ্জের দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যেই ওই কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে মোট ১৬,০৭৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাড়ি ও কফ সিরাপ পুলিশ বাজেয়াপ্ত করেছে।

ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় বড়সড় মাদক পাচারচক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ফলে তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে।