পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ মে পশ্চিম হারমাটি এলাকার বাসিন্দা রামপ্রসাদ মজুমদার ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর গোডাউন থেকে প্রায় ৮৫০ কেজি সুপারি চুরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ ২১ জুন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার চাংমারিতারি এলাকার বাসিন্দা আক্রম হোসেনকে গ্রেফতার করে। তাকে চার দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের নাম এবং চুরি হওয়া সুপারি কোথায় বিক্রি করা হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
তার ভিত্তিতে ২২ জুন ময়নাগুড়ির জবরামালি এলাকার বাসিন্দা মমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ফালাকাটা এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে চুরি যাওয়া ৮১৫ কেজি সুপারি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সুপারির আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।