গোবরজ্যোতি নদীর স্রোতে ভেসে গেল বিবাড়ির ডাইভার্সন, জয়গাঁর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আলিপুরদুয়ার: প্রবল বৃষ্টি ও নদীর জলস্ফীতির জেরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল সীমান্ত শহর জয়গাঁ। শনিবার গভীর রাতে গোবরজ্যোতি নদীর প্রবল স্রোতে ভেঙে তলিয়ে যায় বিবাড়ি এলাকার অস্থায়ী ডাইভার্সনের বেশ কিছুটা অংশ। এর ফলে জয়গাঁ শহরের সঙ্গে সড়কপথে অন্যান্য এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিবাড়ি এলাকার মূল সেতুটি বেহাল অবস্থায় ছিল। নতুন সেতু নির্মাণের কাজ চলায় গত বছর যান চলাচলের জন্য অস্থায়ী ডাইভার্সন তৈরি করা হয়েছিল। শনিবার রাত থেকে এলাকায় এবং ভুটানের পাহাড়ি অঞ্চলে টানা ভারী বৃষ্টির ফলে গোবরজ্যোতি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। নদীর তীব্র স্রোতে ডাইভার্সনের একটি বড় অংশ ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়।
এর জেরে সীমান্ত শহর জয়গাঁর সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
অন্যদিকে, তোর্ষা নদীর জলস্তরও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার স্বার্থে সুভাষিণী নদীলাইন এলাকার বাসিন্দাদের গভীর রাতেই ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নদী সংলগ্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে পুলিশ ও প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।