অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি ফুন্টশোলিংয়ে, জলমগ্ন ভারত-ভুটান সীমান্ত গেট

জয়গাঁ: টানা ও প্রবল বর্ষণের জেরে ভুটানের ফুন্টশোলিং শহরে সৃষ্টি হয়েছে মারাত্মক জলজট ও বন্যা পরিস্থিতি। শনিবার রাত থেকে অব্যাহত বৃষ্টিপাতের ফলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলের তলায় চলে যায়।
ভারত-ভুটান সীমান্ত গেট, পেডেস্ট্রিয়ান টার্মিনাল, তোরসা হাউজিং কলোনি-সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচলও ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও জল ঢুকে পড়ার খবর মিলেছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। জল নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারত-ভুটান সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরে জলাবদ্ধতার ফলে সীমান্ত পারাপার ও দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে।