দীর্ঘদিন ধরে রেলগেটের কারণে যানজট ও যাতায়াতের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী বিনোত ছাওছাড়িয়া ও জগন্নাথ পালের বক্তব্য, উড়ালপুল নির্মিত হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। তাঁদের দাবি, কাজ দ্রুত শুরু হওয়া উচিত। নির্মাণকাজ চলাকালীন ব্যবসায় কিছুটা ক্ষতি হলেও এলাকার বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে প্রস্তুত তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, রেলগেট বন্ধ থাকলে অ্যাম্বুল্যান্সকেও অনেক সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর ফলে রোগীদের চরম সমস্যায় পড়তে হয়। পাশাপাশি রেলগেটের ওপারে থাকা দুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও প্রতিদিন নানা ভোগান্তির মুখে পড়তে হয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যে রাস্তা রয়েছে তার পাশাপাশি উড়ালপুল প্রকল্পের জন্য রাস্তার দু’পাশে আরও প্রায় ৬০০ থেকে ৬৫০ মিটার পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার অসীম বালা জানান, গত ১৭ জুন শিলিগুড়ির একটি সরকারি ভবনে রেল ও পিডব্লিউডি আধিকারিকদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে বেলাকোবা উড়ালপুল প্রকল্পের জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে।