সরকারি দফতরে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং পরিষেবা পেতে নানা সমস্যার মুখে পড়তে হয়— এমন অভিযোগ দীর্ঘদিনের। সেই পরিস্থিতি বদলাতেই এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। যদিও অফিসের নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা আগেও ছিল, অভিযোগ উঠত অনেক ক্ষেত্রেই সেই নিয়ম মানা হত না।
নতুন নির্দেশিকায় নবান্ন থেকে শুরু করে রাজ্যের সমস্ত সরকারি দফতরে সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। সব সচিবালয়ের অফিসার ও কর্মীদের নিয়ম মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সরকারের কাজ সরকারের মতো করতেই হবে।” পাশাপাশি তিনি সরকারি কর্মীদের উদ্দেশে জানান, “মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলুন, ভয় পাবেন না।” মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরেই প্রশাসনিক মহলে জারি হল এই কড়া নির্দেশিকা।