গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয় না। আদর্শ পাড়ার রেললাইনের পাশের এলাকায় বর্ষাকালে হাঁটু পর্যন্ত জল জমে যায়। ফলে যাতায়াতে চরম সমস্যার পাশাপাশি বেড়ে যায় পোকামাকড়ের উপদ্রব। পাশেই রেঞ্জার অফিস থাকলেও সমস্যার কোনও সমাধান হয়নি বলে দাবি বাসিন্দাদের।
এলাকাবাসীদের বক্তব্য, বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে রাস্তা মেরামতের দাবি জানানো হয়।
এ বিষয়ে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, আদর্শ পাড়ার কয়েকজন যুবক ডেপুটেশন দিয়েছেন। কেন এখনও কাজ হয়নি তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
অন্যদিকে, জলপাইগুড়ি জেলা বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি দাবি করেন, তৃণমূলের আমলে এলাকার কোনও উন্নয়ন হয়নি বলেই গ্রামবাসীরা ডেপুটেশন দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত কাজের উদ্যোগ নেওয়া হবে।”