ঝাড়ফুঁকের নামে প্রতারণা! রাজগঞ্জে গৃহবধূর সোনা-রুপোর গয়না হাতিয়ে গ্রেপ্তার ওঝা

রাজগঞ্জ: ঝাড়ফুঁকের নামে প্রতারণার অভিযোগে এক ওঝাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আমির খান। রাজগঞ্জের কুন্ডরডিঘি এলাকায় এক গৃহবধূর কাছ থেকে সোনা-রুপোর গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুন্ডরডিঘির বাসিন্দা হীরামণি রায় পারিবারিক সমস্যার সমাধানের আশায় অভিযুক্তের শরণাপন্ন হন। অভিযোগ, ঝাড়ফুঁক করে সমস্যা দূর করার আশ্বাস দিয়ে আমির খান তাঁকে সোনা-রুপোর গয়না একটি জলভর্তি বালতিতে রাখতে বলেন। এরপর পুজোর সামগ্রী ও ফুল আনতে পাঠিয়ে সুযোগ বুঝে গয়না নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
ঘটনার পর বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাগডোগরার চৌপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সোনার হার, এক জোড়া সোনার কানের দুল, দুটি সোনার বালা, এক জোড়া রুপোর পায়েল এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।