মমতার নিরাপত্তায় বিশেষ নজর মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও রকম কাটছাঁট করা হবে না। রাজ্যে নতুন সরকার গঠনের পর সোমবার নবান্নে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্টভাবে তিনি জানান, মমতার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই বহাল থাকবে। পাশাপাশি তিনি এ-ও নির্দেশ দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন কোনও অসম্মান না হয় এবং তাঁর বাড়ির সামনে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখতে হবে প্রশাসনকে।
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একজন সাধারণ সাংসদের জন্য যে নিরাপত্তা বরাদ্দ থাকে, অভিষেকও সেই নিরাপত্তাই পাবেন। নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তারক্ষীদের বদল করা হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উদ্দেশে শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর নিরাপত্তারক্ষীদেরও নিয়মিত বদল করা হত। সেই প্রসঙ্গ টেনেই তিনি বর্তমান নিরাপত্তা কাঠামো নিয়ে মন্তব্য করেন।
এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর প্রশাসনিক কাজের রূপরেখাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারের কাজে কোনও পক্ষপাতিত্ব চলবে না। প্রশাসনের রাজনীতিকরণ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি সরকারি কর্মসূচিতে বিরোধী দলের বিধায়কদেরও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।