মুখ্যমন্ত্রীর শপথের দিনই রাজগঞ্জে SIT-এর হানা, ভুয়ো মিউটেশন কাণ্ডে চাঞ্চল্য

সংবাদদাতা, রাজগঞ্জ: নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনেই জলপাইগুড়ির রাজগঞ্জে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আর আই অফিসে এসআইটির তল্লাশি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক থেকে অভিযোগ করেন, প্রাক্তন সরকারের আমলে রাজগঞ্জ বিএলআরও অফিসে ছুটির দিনেও গভীর রাত পর্যন্ত আলো জ্বলতে দেখা যেত। তাঁদের প্রশ্ন, সেই সময় কি অফিসে কোনও বেআইনি বা দুর্নীতিমূলক কাজ চলত?
সূত্রের খবর, সজন আগারওয়াল নামে এক ব্যক্তি দীর্ঘদিন আগে অভিযোগ দায়ের করেছিলেন যে রাজগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আর আই অফিস থেকে প্রায় পাঁচ হাজার ভুয়ো মিউটেশন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওঠে।
আদালতের ৮ জানুয়ারি ও ১৩ জানুয়ারির নির্দেশ মেনে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। সেই এসআইটির আধিকারিকরাই শনিবার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি ও মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকার আর আই অফিসে তদন্ত চালান।
শনিবার সকাল থেকেই অফিসে নথিপত্র খতিয়ে দেখা, গুরুত্বপূর্ণ রেকর্ড পরীক্ষা এবং বিভিন্ন ফাইল যাচাইয়ের কাজ শুরু হয়।
এদিন তদন্তে উপস্থিত ছিলেন বিএলআরও গোপাল বিশ্বাস, রাজগঞ্জ বিডিও অফিসের আধিকারিক উজ্জ্বল কুরি ও পিনাকী রায়, তদন্তকারী আধিকারিক এবং রাজগঞ্জ থানার এসআই সুখী দর্জি।
প্রশাসনিক সূত্রে খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তেমন গুরুত্বপূর্ণ তথ্য পাননি। তবে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকায় তদন্ত এখনও চলছে।