উত্তর বাংলা ডিজিট্যাল ডেস্ক: পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। গত শুক্রবার লিটারপিছু ৩ টাকা করে জ্বালানির মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার আবারও সংশোধন করা হল তেলের দর। এ বার দেশের বিভিন্ন শহরে বৃদ্ধির হার আলাদা হলেও, চার মহানগরের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়।
নতুন দরে কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপিছু ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭ পয়সা। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন দামে শহরে পেট্রলের দাম বেড়েছে ৯৬ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা।
দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে ৮৭ পয়সা ও ডিজেলের ৯১ পয়সা। চেন্নাইয়ে পেট্রলের দাম ৮২ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বৃদ্ধি পেয়েছে। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯১ পয়সা, ডিজেলের ৯৪ পয়সা।
এর আগে গত শুক্রবারই পেট্রল-ডিজেলের পাশাপাশি সিএনজির দামও বাড়ানো হয়েছিল। কলকাতায় কেজিপিছু সিএনজির দাম বেড়েছিল ৩ টাকা। পরপর জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বাসভাড়া বৃদ্ধির দাবি তুলে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে বাসমালিকদের একাংশ।
জ্বালানির দামে ফের বৃদ্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi আগেই দাবি করেছিলেন, পাঁচ রাজ্যের ভোট মিটলেই জ্বালানির দাম বাড়বে। শুক্রবারের মূল্যবৃদ্ধির পর কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী Narendra Modi-কে ‘ম্যাহেঙ্গাই ম্যান’ বলে কটাক্ষ করা হয়। বিরোধীদের অভিযোগ, ভোটের কথা মাথায় রেখেই এতদিন দাম বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের পর দীর্ঘদিন পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। তবে চলতি বছরে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে চাপ তৈরি হয়েছে। তারই প্রভাব পড়ছে দেশের জ্বালানির বাজারে বলে মনে করা হচ্ছে।