ময়নাগুড়িতে ‘বউ বদল’ ঘিরে চাঞ্চল্য, জোড়পাকড়ি কালীবাড়িতে নতুন করে বিয়ে দুই জনের

ময়নাগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর ফালাকাটার এক ব্যক্তি এবং ময়নাগুড়ির এক গৃহবধূ কয়েক মাস আগে একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।

এই ঘটনার পর থেকেই দুই পরিবারের মধ্যে যোগাযোগ তৈরি হয়। অভিযোগ, সেই সূত্র ধরেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে ফালাকাটার ওই ব্যক্তির স্ত্রী এবং ময়নাগুড়ির গৃহবধূর স্বামীর মধ্যে। এরপর বুধবার ধর্মপুরের জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক রীতিনীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েকে ঘিরে ছিল ভুরিভোজেরও আয়োজন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের একাংশের বক্তব্য, “এমন ঘটনা আগে কখনও শুনিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়ে আজকাল অনেক পরিবারেই ভাঙন দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত দু’পক্ষই নিজেদের মতো নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে।”

আবার অপর এক বাসিন্দার কথায়, “এতদিন শুধু সরকার বা দলের পালাবদলের কথা শুনেছি, কিন্তু এবার ময়নাগুড়িতে দেখলাম দাম্পত্য জীবনেও ‘বউ বদল’-এর ঘটনা! এমন চাঞ্চল্যকর ঘটনা এলাকায় আগে কেউ দেখেনি।”