আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগ মমতার বিরুদ্ধে, তদন্তের নির্দেশ ক্ষুদিরাম টুডুর


উত্তর বাংলা নিউজ ডেস্কঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে All India Trinamool Congress-এর উপর। একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে চাপে পড়েছে পূর্বতন শাসকদল। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর বিরুদ্ধে আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী Kshudiram Tudu।

মন্ত্রী দাবি করেছেন, আদিবাসী উন্নয়ন তহবিলের টাকা ব্যবহার করে রাজ্যে ‘সবুজসাথী’ প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করা হয়েছিল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষুদিরাম টুডু বলেন, “এটা তৃণমূলের হাতের এক ছিল। সংখ্যালঘু বিভাগ ও আদিবাসী উন্নয়ন বিভাগ নিজের কাছেই রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ ভাবতে অবাক লাগে, আদিবাসী উন্নয়নের টাকা দিয়ে পশ্চিমবঙ্গে সবুজসাথীর সাইকেল বিলি করা হয়েছে।”

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে Mamata Banerjee সরকারের উদ্যোগে ‘সবুজসাথী’ প্রকল্প চালু হয়। নবম শ্রেণিতে ওঠা পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হত এই প্রকল্পের মাধ্যমে।

বর্তমান বিজেপি সরকারের অভিযোগ, সেই প্রকল্পে আদিবাসী উন্নয়ন খাতের অর্থ ব্যবহার করা হয়েছে। ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, ইতিমধ্যেই আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, “আদিবাসী উন্নয়নের টাকা কেন সর্বসাধারণ ভোগ করবে? সেই টাকায় কেন ছাত্রছাত্রীদের সাইকেল কিনে দেওয়া হবে?”

এমনকি, এই ঘটনায় দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মন্ত্রীর বক্তব্য, “যারা দোষী সাব্যস্ত হবে, তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দোষী প্রমাণিত হলে তাঁকেও জেলে যেতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”