কলকাতা: দীর্ঘ তিন মাস পলাতক থাকার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে গ্রেপ্তার হল জমি দখল ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ED দফতরে হাজিরা দেয় সে। দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
ED সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল, তোলাবাজি এবং বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় সোনা পাপ্পুকে জেরা করা হয়। তদন্তকারীদের দাবি, এই মামলায় আগেই ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় এস কামদারের সঙ্গে সোনা পাপ্পুর সরাসরি আর্থিক লেনদেনের যোগসূত্র পাওয়া গিয়েছে।
যদিও জেরার আগে সোনা পাপ্পু দাবি করে, “আমি কোনও জমি দখলের সঙ্গে যুক্ত নই এবং কোনও থানায় আমার বিরুদ্ধে অভিযোগ নেই।”
তদন্তকারী সংস্থার দাবি, কসবা, তিলজলা ও তপসিয়া এলাকায় সিন্ডিকেট ও তোলাবাজি চক্র চালাত সোনা পাপ্পু। ২০১৫ সালে বালিগঞ্জ রেলইয়ার্ডে সংঘর্ষের ঘটনায় প্রথম তার নাম প্রকাশ্যে আসে। এরপর ২০১৭ সালে খুনের মামলা এবং ২০২১ সালে প্রেসিডেন্সি জেলের বাইরে প্রতিদ্বন্দ্বী মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগ-সহ একাধিক অপরাধমূলক ঘটনায় তার নাম জড়ায়।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কোনও প্রভাবশালী ব্যক্তি বা শীর্ষ পুলিশকর্তার মদতেই এই বিপুল আর্থিক লেনদেন ও বেআইনি কর্মকাণ্ড চলত কি না। ED-র এই গ্রেপ্তারের পর নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।