কলকাতা: মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র আপ্ত সহায়ক Chandranath Rath খুনের তদন্তভার এ বার গেল সিবিআইয়ের হাতে। তদন্তের জন্য সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে CBI। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ তদন্তকারীদের নিয়ে তৈরি ওই টিম মঙ্গলবারই রাজ্যে এসে তদন্ত শুরু করবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের দায়ের করা FIR পুনরায় নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খুনের ঘটনার ধরন দেখে শুরু থেকেই তদন্তকারীদের একাংশের সন্দেহ ছিল, এর পিছনে ভিন রাজ্যের দুষ্কৃতীরা জড়িত থাকতে পারে। তদন্তে নেমে উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনকে ‘শার্প শুটার’ বলেও দাবি তদন্তকারীদের। পুলিশের অনুমান, অন্তত আট জন এই খুনের ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। বালির টোল প্লাজায় একটি ইউপিআই পেমেন্টের সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ মেলে।
ধৃতদের নাম মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তাঁদের বিহারের বক্সার এবং উত্তরপ্রদেশের বলিয়া ও অযোধ্যা এলাকা থেকে আটক করা হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, অপরাধ জগতে রাজ সিং ‘শার্প শুটার’ হিসেবেই পরিচিত। ভবানী ভবনে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে মধ্যমগ্রাম থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, জেরার মুখে বার বার বয়ান বদলেছেন ধৃতরা। আদালত তাঁদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
চন্দ্রনাথের গতিবিধির নিখুঁত তথ্য কী ভাবে আততায়ীদের কাছে পৌঁছেছিল, ঘটনাস্থলে আর কারা উপস্থিত ছিল, তা জানতে ধৃতদের টানা জেরা চলছে। যদিও খুনের মূল চক্রী কে, কারা সুপারি দিয়েছিল এবং ধৃতদের নির্দিষ্ট ভূমিকা কী ছিল, সে বিষয়ে এখনও মুখ খোলেননি তদন্তকারীরা। সেই সমস্ত অজানা প্রশ্নের উত্তর খুঁজতেই এ বার মাঠে নামছে সিবিআইয়ের SIT।
গত ৬ মে রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়ার মুজিবর রোডে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথের শরীরে পাঁচটি বুলেট লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি তাঁর এসইউভির রাস্তা আটকায়। তার পর মোটরবাইকে এসে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালকও। বিজেপি বাংলার ক্ষমতায় আসার মাত্র দু’দিন পর এবং Suvendu Adhikari মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তিন দিন আগেই ঘটে যায় এই চাঞ্চল্যকর খুন।