রাজগঞ্জ: দশ বছরের দাম্পত্য জীবন। রয়েছে ৯ বছরের এক কন্যা সন্তান। দীর্ঘদিন ধরে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে অবশেষে আইনের দ্বারস্থ হলেন এক গৃহবধূ।
অভিযোগ, রাজগঞ্জের বেলাকোবার বাসিন্দা এক যুবকের সঙ্গে প্রায় ১০ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযুক্ত যুবক বিএসএফে কর্মরত বলে জানা গিয়েছে। গৃহবধূর দাবি, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী।
এর পাশাপাশি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত বলেও অভিযোগ তুলেছেন তিনি। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় বুধবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
গৃহবধূর আরও অভিযোগ, থানায় অভিযোগ দায়েরের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।