রাজগঞ্জে গ্রাম পঞ্চায়েতে ‘বিশ্ব বাংলা’ লোগো মুছে বিক্ষোভ বিজেপির, দুর্নীতির অভিযোগ কিষান মোর্চার

 রাজগঞ্জ: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজগঞ্জে। মুখ্যমন্ত্রী হিসেবে Suvendu Adhikari-র শপথ গ্রহণের পরই রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানে ‘বিশ্ব বাংলা’-র লোগো গেরুয়া রঙ দিয়ে মুছে ফেলা হয় বলে অভিযোগ। পাশাপাশি ‘বাংলার ঘর’ প্রকল্পের লিফলেট আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
এদিন উপস্থিত ছিলেন ইলেকশন এজেন্ট তপন রায়, জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস, শক্তি প্রমুখ গোপাল চাঁকি ও কনভেনার বাপি চক্রবর্তী (নারায়ণ) সহ অন্যান্য নেতৃত্ব।
ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েত কর্মীদের সঙ্গে কথা বলেন নকুল দাস। তিনি জানান, আগামী দিনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হবে। সেই ক্ষেত্রে কোনও রাজনৈতিক দল না দেখে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত কর্মীদের।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নকুল দাস অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই শিকারপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতিমূলক কাজ চলছিল। তাঁর দাবি, গ্রাম পঞ্চায়েতের ভিতরে মদের বোতল ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি বলেন, “আজ আমরা এসে কর্মীদের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে কোনও রকম দুর্নীতির অভিযোগ সামনে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”