ভোটে জয়লাভের পর মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রংধামালী এলাকায়। অভিযোগ, সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস দলবল নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলাকোবা এলাকা থেকে কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক বোদাগঞ্জের ভামরি দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় রংধামালী এলাকায় অভিযুক্তরা রাস্তা আটকে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের দেখেই তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় হামলাকারীরা। রাস্তায় ফেলে মারধর করা হয় এবং কোপানোরও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিজেপি নেতা তপন রায় অভিযোগ করেন, “হঠাৎ করে কৃষ্ণ দাসের দলবল হামলা চালায়। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। ভোটে জয়ের পরেও এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। এর আগেও কর্মীদের উপর অত্যাচার হয়েছে। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।