মন্ত্রী জানান, এতদিন বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন দুয়ারে সরকারের মাধ্যমে হলেও, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য খুব শীঘ্রই চালু করা হবে সহজ অনলাইন পোর্টাল। তাঁর দাবি, কম শিক্ষিত বা অশিক্ষিত মহিলারাও যাতে সহজে আবেদন করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই তৈরি হবে ব্যবস্থা।
অগ্নিমিত্রা পাল বলেন, “বাংলার সমস্ত মা-বোনেরা যাতে নিজেরাই অনলাইনে আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। খুব সহজ পদ্ধতিতে আবেদন করা যাবে।”
এর আগেই তিনি জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা সমস্ত মহিলাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে।
তবে তার আগে উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখা হবে বলেও জানান মন্ত্রী। মৃত ব্যক্তি, অযোগ্য বা দেশের নাগরিক নন— এমন কারও নাম থাকলে তা বাদ দেওয়া হবে।
উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করেই গত কয়েক বছরে একাধিক নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেয়েছিল All India Trinamool Congress। এবার তার পাল্টা হিসেবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনী প্রচারে নেমেছিল বিজেপি।