কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর: মূল অভিযুক্ত ‘বুলেট’ ও ‘ওয়াসিম’ গ্রেপ্তার শিলিগুড়ি থেকে

দক্ষিণ দিনাজপুর, ২৮ এপ্রিল: ভোটের দিন কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। গঙ্গারামপুর থানার বানিহারি এলাকায় ঘটে যাওয়া এই মারধরের ঘটনায় দুই মূল অভিযুক্ত ‘বুলেট’ ও ‘ওয়াসিম’-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল ভোট চলাকালীন এই হামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির মেডিকেল মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে তাদের আটক করা হয়। এই অভিযানে মাটিগাড়া থানার পুলিশ গঙ্গারামপুর থানাকে সহযোগিতা করে।
গ্রেপ্তারের পর অভিযুক্তদের গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয়েছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, ধৃতদের আজ বুধবার আদালতে তোলা হবে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, এবং ভোট পরবর্তী উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।