ভোটে কারচুপি প্রমাণ হলে ৬ মাসের জেল, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৩ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। তার আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। এর মধ্যেই ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ, ভোটে কারচুপি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। আগে ভুয়ো ভোট বা কারচুপি ধরা পড়লে সতর্ক করা বা বুথ থেকে সরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হত। কিন্তু এবার সেই নিয়ম বদলেছে।
এবার কোনও ধরনের কারচুপি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত জেল হতে পারে বলে জানানো হয়েছে।
এবারের বিধানসভা ভোটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রথম দফার ভোটে রাজ্য পুলিশের পাশাপাশি প্রায় ২ লক্ষ ৪০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বুথের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আর ভোটারদের লাইনের শৃঙ্খলা বজায় রাখার কাজ করবে রাজ্য পুলিশ।