উত্তর বাংলা ডিজিট্যাল ডেস্ক:
রাত পোহালেই শুরু হচ্ছে West Bengal Assembly Elections 2026–এর প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। তার আগে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বড় সিদ্ধান্ত নিল Election Commission of India।
নির্বাচন কমিশনের নির্দেশে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। ভোটের অন্তত তিন দিন আগে তাঁদের রিজার্ভ লাইনে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের নির্দেশ অনুযায়ী, রিজার্ভ লাইনে থাকাকালীন তাঁদের কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত করা যাবে না। তবে প্রয়োজনে নন-ইলেকশন ডিউটিতে নিযুক্ত করা যেতে পারে।
সম্প্রতি জারি করা নির্দেশিকায় কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নির্দেশ অমান্য করা হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ইতিমধ্যেই এই নির্দেশ সংবলিত চিঠি রাজ্য পুলিশের ডিজি-সহ সব পুলিশ জেলার কমিশনার ও পুলিশ সুপারদের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই নির্বাচন কমিশন জানিয়েছিল, বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে কোনওভাবেই নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে না। অতীতে এই নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছিল একাধিকবার। সেই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এবার কড়া অবস্থান নিয়েছে কমিশন।