কলকাতা: West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় দফায় নতুন করে উস্কে উঠল ‘সিঙ্ঘম বনাম পুষ্পা’ বিতর্ক। ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবং ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা উত্তরপ্রদেশের আইপিএস অফিসার Ajay Pal Sharma-কে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। প্রার্থীর বাড়ির সামনে গিয়ে তাঁর হুঁশিয়ারি দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে ওঠে। তৃণমূলের তরফে একাধিক অভিযোগ তোলা হয় সংশ্লিষ্ট আইপিএস অফিসারের বিরুদ্ধে। ঠিক এই আবহেই ভোট দিতে গিয়ে বিতর্কে মন্তব্য করে নতুন মাত্রা যোগ করেন টলিউড অভিনেত্রী Subhashree Ganguly।
স্বামী Raj Chakraborty-র সঙ্গে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী বলেন, “আমি একজন নেতার স্ত্রী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে বলছি—সিঙ্ঘম বা সিংহ, মা দুর্গার পায়ের তলাতেই থাকে। আমাদের এখানে মা দুর্গার রাজ চলে।” যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, রাজনৈতিক মহলের মতে, তাঁর এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে Mamata Banerjee-র দিকেই।
অন্যদিকে, একই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ চক্রবর্তী বলেন, “বাংলাকে বদনাম করার চেষ্টা বারবার হচ্ছে। এর জবাব দেবে বাংলার মানুষ। এখানে শান্তির রাজ, সংস্কৃতির রাজ। এনকাউন্টার স্পেশালিস্টের কোনও প্রয়োজন নেই।”
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নিয়েছে, যা নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।