ভোরের আলো থানার পুলিশের বড় সাফল্য, প্রায় ১ কেজি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক

রাজগঞ্জ: ভোরের আলো থানার পুলিশের বড় সাফল্য। প্রায় এক কিলোগ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ক্যানেল রোডে করতয়া সেতুর সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। ভোটের আবহে বিষয়টি পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ব্যাগ থেকে ব্রাউন সুগারের দুটি প্যাকেট উদ্ধার হয়। দুটি প্যাকেট মিলিয়ে প্রায় এক কিলোগ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
তল্লাশির সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অহিত্যগনি চক্রবর্তী, ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত সহ অন্যান্য পুলিশকর্মীরা।
ধৃত ব্যক্তির নাম সহিদুর আলী। তার বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে। প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, মালদা থেকে এই নেশা সামগ্রী আনা হয়েছে। তবে এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।