মৃতের নাম সফিকুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রফিকুল হক। জানা গিয়েছে, দু’জনেই Chopra-র বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন।
অভিযোগ, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বেরোনোর সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁদের গরু চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে রবিবার ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দল। Bhaktinagar Police Station ও আশিঘর ফাঁড়ির পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ভজন রায় ও সঞ্জয় বর্মন। রবিবার তাঁদের Jalpaiguri District Court-এ তোলা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন।