হাওড়া: Howrah সদর লোকসভার অন্তর্গত বালী বিধানসভার Liluah এলাকার সোহনলাল দেওরালিয়া বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ১৫১, ১৫২ ও ১৫৩ নম্বর বুথে দীর্ঘক্ষণ ইভিএম বিকল থাকায় লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি বহু ভোটার।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন ভোটারদের একাংশ। তাঁরা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ব্যক্তিকে চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তোলা হয়।
পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় কেন্দ্রীয় বাহিনীর তরফে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।