ভোটের আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোটরবাইক চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকেই বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চালানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের দাবি, ভোটের সময় বাইক বাহিনীর দাপট এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জরুরি চিকিৎসা পরিষেবা বা পারিবারিক প্রয়োজনে বাইক ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এর ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হতে পারে।