রাজগঞ্জ:রাজগঞ্জ ব্লকের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ফকির ডিপ এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
এই প্রসঙ্গে পানিকৌরি অঞ্চল সভাপতি রকিমুল হক দাবি করেন, রাজগঞ্জ বিধানসভায় বিজেপি কোনও প্রভাব বিস্তার করতে পারছে না বলেই তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই তৃণমূলের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
অন্যদিকে বিজেপি নেতা তপন রায় এই অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কাজ করার কোনও প্রয়োজন নেই। তাঁর দাবি, তৃণমূলই সাজানো গল্প তৈরি করছে, কারণ তারা বুঝতে পারছে আসন্ন নির্বাচনে তারা বড় ব্যবধানে পরাজিত হবে। রাজগঞ্জ বিধানসভা এবার বিজেপির দখলে আসবে বলেও তিনি আশাবাদী।