রাজগঞ্জ: আগামী ১৫ এপ্রিল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীনেশ সরকারের সমর্থনে রাজগঞ্জের বুড়িমোড়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাকে ঘিরে শনিবার থেকেই শুরু হয়েছে জোর প্রস্তুতি।
ইতিমধ্যেই সভার মঞ্চ তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সভাস্থলে পৌঁছে গিয়েছে এবং শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এদিন সভাস্থল পরিদর্শন করেন বিজেপি নেতৃত্বরা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নিতাই মণ্ডল, দেবাশীষ দে, তপন রায়, সিদ্ধার্থ পণ্ডিত-সহ একাধিক কর্মী ও সমর্থক।
বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ এপ্রিলের জনসভাকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠ পরিদর্শন করা হয়েছে এবং প্রস্তুতি জোরকদমে চলছে। মঞ্চ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।
তাঁদের দাবি, গতকাল শুভেন্দু অধিকারীর রোড শোতে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল। সেই হিসেবে আসন্ন জনসভায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের উপস্থিতি হতে পারে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব।