TMC Candidate Surajit Mitra Promises Traffic-Free Basirhat City
বসিরহাট: শহরবাসীকে যানজটমুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল)। দীর্ঘদিন ধরেই বসিরহাট শহরের অন্যতম বড় সমস্যা যানজট। সময়ের সঙ্গে শহরের পরিধি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা। যার ফলে নিত্যদিন যানজটে নাজেহাল হতে হয় শহরের সাধারণ মানুষকে।
শহরে জেলা হাসপাতাল, সরকারি দপ্তর, কলেজ, একাধিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি ব্যাংক থাকায় প্রতিদিনই বিপুল মানুষের আনাগোনা হয়। এর জেরে শহীদ দীনেশ মজুমদার রোড, টাকি রোড ও মার্টিন বার্ন রোডে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়ে ক্ষোভ ও অভিযোগ জানিয়ে আসছেন শহরবাসী।
মঙ্গলবার বসিরহাটের বদরতলায় চা চক্রের মাধ্যমে প্রচারে এসে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বলেন, “বসিরহাট একটি অত্যন্ত পুরনো শহর। প্রায় দেড়শো বছরের পুরনো এই শহরটি পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে। তাই যানজটের সমস্যা সমাধানে আমরা সবরকম উদ্যোগ নেব। প্রয়োজন হলে বিকল্প রাস্তার ব্যবস্থাও করা হবে।
পাশাপাশি শহীদ দীনেশ মজুমদার রোড ঢালাই ও চওড়া করার কাজ চলছে। অটো ও টোটো শ্রমিকদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে, যাতে জেলা হাসপাতাল সংলগ্ন এলাকাগুলিতে যানজট কমানো যায়।”
এদিন চা চক্রে অংশ নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগও করেন তিনি। বদরতলা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথাও মনোযোগ দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী।
এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা দাস, টাউন আইএনটিটিইউসি সভাপতি শংকর অধিকারী সহ দলের একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধি।