রামনবমীর ঝান্ডা ঘিরে উত্তেজনা, রাজগঞ্জের বেলাকোবায় পুলিশকে ঘিরে বিক্ষোভ
রাজগঞ্জ:
রামনবমী উপলক্ষ্যে ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বেলাকোবা এলাকায়। বৃহস্পতিবার বেলাকোবার বটতলা মোড়ে এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনবমী উপলক্ষ্যে বটতলা মোড়ে ঝান্ডা লাগানোর কাজ শুরু করেছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। সেই সময় সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মী ঝান্ডা লাগাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর ওই পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভের মুখে পড়া ওই পুলিশ কর্মীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।