রাজগঞ্জে মুণ্ডহীন দেহ উদ্ধার! চাই চন্ডী কামতা গ্রামে চাঞ্চল্য, তদন্তে পুলি
রাজগঞ্জে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার, চাঞ্চল্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতওয়ালি থানার অন্তর্গত জয়চণ্ডী এলাকায় শনিবার সকালে বাড়ির পেছনের একটি ড্রেনের ধারে এক মহিলার মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতার নাম সামিজা খাতুন (৭৩)। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এবং তাঁর স্বামী প্রয়াত আকবর আলি বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নাতির সঙ্গে বাড়িতেই ঘুমিয়েছিলেন সামিজা খাতুন। রাত প্রায় ১১টা নাগাদ তাঁকে শেষবার দেখা যায়, যখন তিনি শুতে যান। শনিবার সকালে নাতি ঘুম থেকে উঠে ঘরের পেছনে গিয়ে বৃদ্ধার শিরচ্ছেদ করা দেহ দেখতে পায়।
ঘটনার খবর পেয়ে কোতওয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃতার মুণ্ডু উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে ওই বৃদ্ধার মাথা কেটে ফেলা হয়েছে। নিখোঁজ মাথা উদ্ধারের জন্য এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই মনে করছে। কীভাবে এই নৃশংস ঘটনা ঘটল এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমও পৌঁছেছে বলে জানা গিয়েছে।
ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।