স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিনাখাঁ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাইফুদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন গ্রাম থেকে আসা আইএসএফ কর্মী-সমর্থকেরা এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে শাসক দলে যোগ দেন।
দলীয় সূত্রের দাবি, এলাকায় উন্নয়নের ধারাকে সমর্থন জানিয়েই বিরোধী শিবির ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় রাস্তা, পানীয় জল, আবাসন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ায় মানুষের আস্থা বেড়েছে বলেই তাদের দাবি।
এই প্রসঙ্গে মিনাখাঁ ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে বিরোধী দলের বহু কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিচ্ছেন। মিনাখাঁ এলাকায় উন্নয়নের যে ধারা চলছে, তাতে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছেন। তাই বিভিন্ন বিরোধী দল থেকে কর্মীরা আমাদের দলে যোগ দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করছেন।”
তিনি আরও দাবি করেন, আগামী দিনে এই যোগদানের সংখ্যা আরও বাড়বে এবং মিনাখাঁ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হবে।
এদিকে তৃণমূলের এই যোগদান পর্বকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।