ভাঙড়ে ব্লক অফিসের সামনে ধারালো অস্ত্র নিয়ে হামলা, রফিকুল খানকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ


সংবাদদাতা, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ব্লক অফিসের সামনেই এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।






পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম ওই ব্যক্তির নাম রফিকুল খান। তাঁর বাড়ি ভাঙড়ের চক মরিচা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে খুন হন। ওই ঘটনায় মূল অভিযুক্ত মোফাজ্জেল মোল্লা ও রফিকুল খান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে মোফাজ্জেল মোল্লা সহ চারজন জামিনে মুক্তি পান। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।








পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রফিকুল খান কোনও কাজের সূত্রে ভাঙড় ২ ব্লক অফিসে এসেছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকাই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি কোপাতে থাকে।
স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় রফিকুল খানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।



পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন