সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক ২০২৬, নজিরবিহীন নিরাপত্তায় বসছে ৯.৭১ লক্ষ পরীক্ষার্থী
ডিজিটাল ডেস্ক:
সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের প্রায় দশ লক্ষ ছাত্রছাত্রী। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। যা গত বছরের তুলনায় প্রায় দুই লক্ষ বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। পরীক্ষার্থীরা প্রশ্ন পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবে। মূল পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে এবং শেষ হবে দুপুর ২টোয়। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে পরীক্ষা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পর্ষদ।
পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের অবশ্যই আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ। স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরসহ কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করা যাবে না। দুপুর ২টোর আগে পরীক্ষাকক্ষ ছেড়ে বেরোনো যাবে না। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল করা হবে। পাশাপাশি উত্তরপত্রে নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে।
পরীক্ষা চলাকালীন যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু রেখেছে পর্ষদ। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩২১-৩৮১৩ ও ০৩৩-২৩৫৯-২২৭৭। উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসের নম্বর ০৩৫-৩২৯৯-৯৬৭৭ এবং কলকাতা আঞ্চলিক অফিসের নম্বর ০৩৩-২৩২১-৩৮১১। এছাড়াও সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বর দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত গণপরিবহণের ব্যবস্থাও থাকছে। পর্ষদ সভাপতি ও সচিব জানিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ।