রাতের অন্ধকারে হাতির মুখোমুখি, প্রাণে বাঁচলেও গুরুতর জখম
রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লক এলাকায় চিতা বাঘ ও বনশুয়োরের আতঙ্ক কাটতে না কাটতেই ফের হাতির হানায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহতের নাম বিরায়ইয়া তীরকি (৫২)।
তিনি শিকারপুর চা বাগান এলাকার বাসিন্দা।
ঘটনা টি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা গেটবাজার সংলগ্ন ক্যানেল রোডের ভালোবাসা মোড় এলাকায়। জানা গিয়েছে, বিড়িয়াজ তীরকি কাজে গিয়েছিলেন গজলডোবা এলাকায়। রোববার রাতে প্রায় দশটা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে আরও চারটি মোটরসাইকেল ছিল।
ফেরার পথে গজলডোবা গেটবাজার সংলগ্ন ক্যানেল রোডে তার বাইকের তেল শেষ হয়ে যায়। তখন তিনি বাইক ঠেলে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই সামনে চলে আসে একটি হাতি। মুহূর্তের মধ্যে হাতির আক্রমণে গুরুতর জখম হন তিনি।
খবর পেয়ে বেলাকোবা রেঞ্জ অফিস এর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এ স্থানান্তর করা হয়। এ বিষয়ে বেলাকোবা রেঞ্জ অফিসার সমিরন রাজ জানান, বর্তমানে আহত ব্যক্তি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন। ঘটনার পর এলাকায় নতুন করে হাতির আতঙ্ক ।