যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? ঘরে বসেই দেখুন স্ট্যাটাস
যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? ঘরে বসেই দেখুন স্ট্যাটাস, জানাল রাজ্য সরকার
ডিজিটাল ডেস্ক:রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই বিপুল সাড়া মিলেছে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে অনলাইন পোর্টাল— সর্বত্রই বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী ও পড়ুয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।
তবে আবেদন জমা দেওয়ার পর সেটি গ্রহণ করা হয়েছে কি না বা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে অনেকের মধ্যেই ছিল অনিশ্চয়তা। এবার সেই দুশ্চিন্তার অবসান। ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সহজে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস যাচাই করা যাবে।
সরকারি পোর্টালে গিয়ে আবেদনকারীরা কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই জানতে পারবেন তাঁদের আবেদন নথিভুক্ত হয়েছে কি না। প্রথমে ব্রাউজার থেকে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘Check Status’ অপশনে ক্লিক করে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি লিখতে হবে। ক্যাপচা কোড পূরণ করার পর ‘Get OTP’ বাটনে ক্লিক করলে মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেটি দিয়ে ভেরিফাই করলেই স্ক্রিনে আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাবে।
আবেদনটি সফলভাবে নথিভুক্ত হলে আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। পাশাপাশি ‘Application Form’ অপশন থেকে জমা দেওয়া ফর্মটি পুনরায় দেখা বা প্রিন্ট করার সুবিধাও রয়েছে।
এদিকে, অনেকেরই প্রশ্ন— অফলাইনে আবেদন করার পর অনলাইনে নাম না দেখালে কি নতুন করে অনলাইনে আবেদন করা যাবে? নিয়ম অনুযায়ী, অফলাইন আবেদন সিস্টেমে আপলোড না হওয়া পর্যন্ত অনলাইন আবেদন জমা দেওয়া সম্ভব। পরে অফলাইন আবেদন প্রসেস হওয়ার সময় আধার বা মোবাইল নম্বরের ভিত্তিতে সেটি ডুপ্লিকেট হিসেবে বাতিল হতে পারে এবং অনলাইন আবেদনটিই বহাল থাকবে।
তবে আপাতত পোর্টালে শুধুমাত্র আবেদন নথিভুক্ত হয়েছে কি না, সেই তথ্যই দেখা যাচ্ছে। আবেদন যাচাইকরণ বা অনুমোদনের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও আপডেট হয়নি। এ বিষয়ে আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।